বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ (৫৫) এবং কর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫) নিহত হয়েছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে শুক্রবার (১৮ জুলাই) রাত ৩টার দিকে ভাঙ্গা মডেল মসজিদের সামনে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যানবাহনকে পেছন দিক থেকে আসা আল আমন পরিবহনের একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসে থাকা খুলনার দাকোপ উপজেলার জামায়াত আমির মাওলানা আবু সাঈদ ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু তার।
এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে ৬ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত মাওলানা আবু সাঈদ চালনা পৌরসভার বাসিন্দা এবং শহর আলীর ছেলে। তিনি জামায়াতে ইসলামীর খুলনা জেলার দাকোপ উপজেলা শাখার আমির ছিলেন।
অপরদিকে পৃথক আরেকটি দুর্ঘটনায় গুরুতর আহত জামায়াত কর্মী মোহাম্মদ আমানত শেখ (৫৫)। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ শনিবার সকালেই চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন। তিনি মো. ইসমাইল শেখ ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আরও জানান,তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।