‘এক শহীদ, এক বৃক্ষ’ স্লোগানে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ৬ জন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দেবব্রত দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা সাবির আহমেদ সিফাত, উপজেলা বন কর্মকর্তা প্রণব কুমার মিত্র, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর সুমন ও জুলাই অভ্যুত্থানে শহীদের অভিভাবকসহ অন্যান্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবিন শীষ বলেন, জুলাই অভ্যুত্থানে রামগঞ্জে ৬ জন শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।