গাজীপুরে দ্বিতীয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

বিচারাধীন দেওয়ানী ও ফৌজদারি মামলা সমূহ দ্রুততম সময় ও স্বল্পতম ব্যয়ে নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূরীকরণার্থে পদক্ষেপ গ্রহণ প্রতিপাদ্যের উপর ভিত্তি করে ২য় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন শনিবার (১৯ জুলাই) গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে। 

গাজীপুর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন গাজীপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন।

সম্মেলনে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ, যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ে বিচারকসহ অন্যান্য সকল পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে বিচারিক কাজকে তরান্বিত করতে এবং এর পথে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ চিহ্নিত করে বিচারিক কার্যক্রমকে কিভাবে আরও গতিশীল করতে জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা যায় সেই বিষয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তাগণ বিচার বিভাগ ও বিচার সংশ্লিষ্ট সকল অংশীদারদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূর করে মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সভার সভাপতি সম্মেলনে উপস্থিত সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন। 

সম্মেলনে গাজীপুর জেলা প্রশাসন, মহানগর ও জেলা পুলিশ প্রশাসন, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কোম্পানী কমান্ডার, র‌্যাব-১ এর প্রতিনিধি, সিভিল সার্জন, পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, জেল সুপারের প্রতিনিধি, গাজীপুরের সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দসহ বিচার সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।