জুলাই শহীদ ও আহতদের জন্য এফডিইবির দোয়া অনুষ্ঠান

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের সুস্থতা কামনায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এফডিইবি দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর কাকরাইলে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবির কেন্দ্রীয় সভাপতি ও আইডিইবির যুগ্ম আহবায়ক প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ। 

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবির জেনারেল সেক্রেটারি ও আইডিইবির যুগ্ম আহবায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন, এফডিইবির সহ-সভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, এফডিইবির সহ-সভাপতি প্রকৌশলী তৈয়বুর রহমান জাহাঙ্গীর, এফডিইবির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, প্রকৌশলী মাহবুবুর রহমান প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী ফজলুল হক, প্রকৌশলী মাহবুবুর রহমান প্রকৌশলী আবুল হাশেম ও বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নেসার আহমেদ ভুইয়া।

অতিথিরা তাদের বক্তব্যে জুলাই শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। জুলাইকে মহান আল্লাহর নেয়ামত হিসেবে ব্যক্ত করে মির্জা মিজান বলেন, গত ১৫ বছরে যে আন্দোলন স্বৈরাচারকে দরাতে পারেনি, তা আমাদের তরুণ সমাজ করে দেখিয়েছে। জুলাই বিপ্লব এসেছে অনেক ত্যাগের বিনিময়ে। বিগত ১৫ বছর ধরে যারা গুম, খুনের শিকার হয়েছেন, যারা শারীরিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের সবার ত্যাগের কারণেই এই নতুন বাংলাদেশ।

জুলাই আন্দোলনে ৯ জন প্রকৌশলী শহীদ হয়েছেন উল্লেখ করে যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নাল (আবেদিন) বলেন, ফোরাম অব ইঞ্জিনিয়ার্স একটি ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই ভিশনে উৎসাহিত হয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন প্রকৌশলীবৃন্দ। জুলাইয়ের চেতনা জীবনের সর্বক্ষেত্রে পালনের উদাত্ত আহ্বান জানান তিনি।