সিরিয়ার দক্ষিণাঞ্চলে সুয়েইদা প্রদেশে দ্রুজ ও বেদুইন সশস্ত্র গোষ্ঠী এবং সরকারপন্থী বাহিনীর মধ্যে তীব্র লড়াইয়ে এখন পর্যন্ত ৯৪০ জন নিহত হয়েছে। রক্তক্ষয়ী সংঘাতের পর দেশটির সরকারের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দিয়েছে সিরিয়া সরকারও। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
ইসরায়েলি সামরিক হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
শনিবার নতুন করে সেনা মোতায়েন শুরু হয়। এর কয়েক ঘণ্টা পরেই ইসরায়েল ও সিরিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করে যুক্তরাষ্ট্র। তবে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব এখনো অনিশ্চিত, কেননা এর মধ্যেই রাতে নতুন করে সংঘর্ষ হয়েছে।
সিরিয়া সরকার শনিবার সকালে এক বিবৃতিতে যুদ্ধবিরতির ঘোষণা দেয়। ঘোষণায় বলা হয়, সিরীয় রক্তপাত রোধ, দেশের অখণ্ডতা ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্য যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারাআ টেলিভিশনে দেওয়া এক ভাষণে জানান, তিনি সুয়েইদায় চলমান পরিস্থিতিতে হস্তক্ষেপ করে দেশের নিরাপত্তা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহলের আহ্বান পেয়েছেন।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নূরউদ্দিন আল-বাবা টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেন, সুয়েইদা প্রদেশে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন শুরু হয়েছে... যার লক্ষ্য বেসামরিক নাগরিকদের রক্ষা করা এবং বিশৃঙ্খলার অবসান ঘটানো।