চট্টগ্রামে এনসিপির পদযাত্রা ঘিরে উৎসাহ-শঙ্কাও

নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি-এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার চট্টগ্রাম মহানগরীতে আয়োজন হচ্ছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র। জুলাই-আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে দেশ জুড়ে পরিচিতি পাওয়া নাহিদ ইসলামের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেওয়ার কথা রয়েছে এই কর্মসূচিতে। পদযাত্রাকে ঘিরে এনসিপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের পাশাপাশি রয়েছে শঙ্কাও।

সারা দেশে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালিত হলেও গত ১৬ জুলাই গোপালগঞ্জে  ঘটনার তিন দিনের মাথায় গতকাল শনিবার এক নেতার আপত্তিকর বক্তব্যকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় বিএনপি কর্মীদের বাধার মুখে পড়ে পদযাত্রা কর্মসূচি।

সেখানেও পথসভার জন্য তৈরি করা মঞ্চ ভাঙচুর করা হয়। এসব ঘটনার পর চট্টগ্রামের কর্মসূচি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন দলটির নেতারা। শেষ মুহূর্তে এসে পরিবর্তন করা হয়েছে পদযাত্রার রুট। নতুন সূচি অনুযায়ী রাঙ্গামাটি থেকে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে রবিবার বিকেলে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রাম ফিরবেন। এরপর নগরীর ষোলশহর দুই নম্বর গেটে জমায়েত হবেন। সেখানে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন। সেখান থেকে পদযাত্রা মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা, নিউ মার্কেট, টাইগার পাস হয়ে হালিশহর যাবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ দেশ রূপান্তরকে বলেন, গোপালগঞ্জের ঘটনার পর চট্টগ্রামের কর্র্মসূচি নিয়েও অপ্রীতিকর কিছু হতে পারে এমন আশঙ্কার বিষয় আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা আমাদের জানানো হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচিকে ঘিরে চট্টগ্রামে আমাদের নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাইয়ের সফল অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দেশের আগামী দিনের কর্ণধারদের নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে সর্বসাধারণের মধ্যে। কর্মসূচিতে চট্টগ্রাম মহানগরী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকেও লোকজনের ব্যাপক উপস্থিতি আমরা আশা করছি।

এদিকে, সিএমপি সূত্র জানায়, এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে সে জন্য ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও। পদযাত্রার নির্ধারিত রুটগুলোর দুই পাশে পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

 সিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ) রইছ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা হিসেবে পর্যাপ্ত পরিমাণ ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। নগরীতে তারা যে সব স্পটে প্রোগ্রাম করবেন সেসব প্রোগ্রাম-কেন্দ্রিক অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।

চট্টগ্রামের কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার  হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এদের মধ্যে হাসনাত আবদুল্লাহ ও তাসনিম জারা গত মে মাসে চট্টগ্রাম মহানগরী ও জেলায় একাধিক পথসভায় বক্তব্য রাখলেও নতুন দলের চেয়ারম্যান নাহিদ ইসলাম এবারই প্রথম বন্দর নগরীতে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত পদযাত্রা কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলায় লক্ষণীয় উপস্থিতি ও তরুণ নেতাদের জ¦ালাময়ী বক্তব্যের কারণে এই কর্মসূচির প্রতি আলাদা একটা আকর্ষণ তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী তরুণদের মধ্যেও সৃষ্টি হয়েছে ব্যাপক উদ্দীপনা।