নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে বিএনপির এক সাবেক নেতার ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়নের কাজির বাজার এলাকায় এ হামলা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত রিপন চন্দ্র দাস চরঈশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, উপজেলার ওছখালী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাজির বাজার এলাকায় পৌঁছালে তার গতিরোধ করে ১৫ থেকে ২০ জনের একটি দল। তাদের নেতৃত্বে ছিলেন স্থানীয় কামাল মিস্ত্রি ও নবীর ডুবাই। তারা আওয়ামী লীগ সমর্থিত হিসেবে পরিচিত এবং সাবেক চেয়ারম্যান আবদুল আজাদের অনুসারী বলেও জানা গেছে।
রিপনের ভাষ্য, তিনি কিছু বুঝে ওঠার আগেই লোহার রড, শাবল, করাত ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে হামলাকারীরা। এ সময় একটি নৌবাহিনীর নিয়মিত টহল গাড়ি ওই পথে আসতে দেখলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত কামাল মিস্ত্রি গণমাধ্যমকে বলেন, ‘সরকারি খাস জমিতে আমি ঘর নির্মাণ করেছিলাম। প্রশাসন সেটি ভেঙে দিয়েছে। ঘর ভাঙার ক্ষোভে আমি রিপনকে মারধর করেছি।’
তবে অভিযুক্ত অপর ব্যক্তি নবীর ডুবাই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। কামাল মিস্ত্রি রিপনকে আঘাত করেছে—এমনটাই শুনেছি।’
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে আহত রিপন চন্দ্র দাসকে দেখে এসেছি। তিনি যদি লিখিত অভিযোগ দেন, তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’