বাংলাদেশ নারী ফুটবলের জন্য আসছে এক ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো ইউরোপের কোনো দলের মুখোমুখি হতে যাচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা। আগামী আগস্টের শেষ ভাগ কিংবা সেপ্টেম্বরের শুরুতে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও তুরস্কের নারী দল।
তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
এই উদ্যোগের সূত্রপাত ঘটে চলতি জুলাই মাসের শুরুর দিকে, যখন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া তুরস্ক সফর করেন। কিরণ বলেন, 'তিনি সফরের সময়ই প্রীতি ম্যাচের প্রস্তাব দেন। তুরস্ক ইতিবাচক সাড়া দিয়েছে। এখন ম্যাচের আয়োজন নিয়ে আলোচনা চলছে।'
২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় বসছে এএফসি নারী এশিয়ান কাপের আসর, যেখানে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এরই প্রস্তুতির অংশ হিসেবে তুরস্কের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামা নিঃসন্দেহে বড় এক চ্যালেঞ্জ হবে ঋতুপর্ণাদের জন্য। এশিয়ার সেরা ১২ দলের মধ্যে থেকে মূলপর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের জন্য এটি হতে যাচ্ছে মঞ্চে ওঠার আগে রঙমাখা মহড়া।
ম্যাচের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তবে বাফুফে জানিয়েছে, আগস্টের শেষ সপ্তাহ কিংবা সেপ্টেম্বরের শুরুতেই ঢাকায় অনুষ্ঠিত হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি। এর মধ্যেই আয়োজন নিয়ে প্রস্তুতি শুরু করেছে ফেডারেশন। আশা করা হচ্ছে, এই ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের নারী ফুটবল এক নতুন দিগন্তে পা রাখবে।
ইউরোপের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা হবে অভিজ্ঞতা অর্জনের দুর্দান্ত সুযোগ। মাঠের লড়াইয়ের পাশাপাশি এটি হবে আত্মবিশ্বাস গড়ার এক সুবর্ণ মুহূর্ত।