কক্সবাজারের টেকনাফে বেড়েই চলছে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা। পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৬ জন অপহরণের শিকার হয়েছে। সর্বশেষ পাভেল চাকমা নামে এক অটোরিকশা চালককে অপহরণের ঘটনা ঘটে।
এদিকে শনিবার দিবাগত রাত ১২টার দিকে টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপহরণ চক্রের ৫ সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বাহারছড়া ইউনিয়নের লামার বাজার সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় পাইপ গান, ৩টি শর্টগানের কার্তুজ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তাররা গত শুক্রবার (১৮ জুলাই) অটোরিকশাচালক পাভেল চাকমা অপহরণ এবং দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ে জড়িত ছিল। তারা হলেন- চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিম পাড়ার নুরুল কবিরের ছেলে আব্বাস উদ্দিন (৪২), একই এলাকার আব্দুল হাকিম ভুট্টোর ছেলে সাকিবুল ইসলাম (২২), সফি আলমের ছেলে ফরহাদ মিয়া (১৯), একই উপজেলার ডেমুশিয়া এলাকার মৃত ইউনুছ আহাম্মদের ছেলে মো. রবিউল হোসেন (২৭), সাহাব উদ্দিনের ছেলে মো. তাওসিফ (১৯)।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে পাভেল চাকমা অটোরিকশা নিয়ে বের হন। পথে হোয়াইক্যং-শামলাপুর সড়কের সোনালী ব্যাংক ঢালা নামক এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তার গাড়িটির গতিরোধ করে। পরে পাভেল চাকমাকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা।
পাভেল চাকমা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা চাকমা পাড়ার বাসিন্দা মৃত চন্দ্রমনি চাকমার ছেলে।
স্বজনদের বরাতে তিনি বলেন, সকালে ঘটনাটি শোনার পর থেকে পুলিশ অপহৃতকে উদ্ধারে তৎপরতা শুরু করে। একপর্যায়ে অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে কয়েক দফা যোগাযোগের দেড় লাখ টাকা মুক্তিপণে অপহৃতকে ছেড়ে দিতে রাজি হয়। অপহরণকারীদের কথা মত পাহাড়ের বিশেষ একটি এলাকায় গিয়ে মুক্তিপণের দেড় লাখ টাকা তুলে দেওয়া হয়। পরে বিকাল সাড়ে ৫টার দিকে অপহৃত যুবককে ছেড়ে দেওয়া হয়।
ওসি বলেন, এ ঘটনায় দায়ের করা মামলা আসামি ধরতে পুলিশ অভিযান শুরু করে। এর মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কিছু আসামি টেকনাফ থেকে চকরিয়া যাওয়ার উদ্দেশ্যে লামার বাজারের মেরিন ড্রাইভে অবস্থান করছে। পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে। অপহৃত পাভেল চাকমা এদের অপহরণ মামলার ঘটনার সঙ্গে জড়িত বলে শনাক্ত করেন। আসামিদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হচ্ছে।