শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশ শুরুর আগে সমাবেশস্থলের কাছে হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটেছে। এতে এলাকাজুড়ে দেখা দেয় আতঙ্ক। রবিবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে পৌরসভার মাদবরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে তার নেতাকর্মীরা ও উপজেলা বিএনপির একটি অংশ সমাবেশের আয়োজন করে। তাদের পূর্বঘোষিত সমাবেশ নড়িয়া পৌরসভার মাদবরবাজার এলাকায় রবিবার দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রবিবার বেলা ১১টার দিকে সমাবেশস্থলের পাশেই দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এই ঘটনার পরপরই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে দেখা।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত কয়েকটি ককটেলের আলামত উদ্ধার করেছে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
নড়িয়া থানার ওসি মুহা. আসলাম উদ্দিন মোল্লা বলেন, শুনলাম ওই এলাকায় ককটেল বিস্ফোরণের একটি শব্দ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা ফাটিয়েছে এ বিষয়ে তদন্ত করছি।