বাংলাদেশ শিশু হাসপাতালের ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নিয়োগ পাওয়া সেই ৬৫ জন মেডিকেল অফিসারের চাকরি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। আজ রবিবার (২০ জুলাই) শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মাহবুবুল আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাহবুবুল আলম জানান, নিয়োগের বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তাই পরিচালনা বোর্ডের সভায় আলোচনা শেষে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে নিয়োগ বাতিলের। এখন নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি দিয়ে নতুনভাবে নিয়োগ দেওয়া হবে।

তিনি আরো বলেন, আগে অ্যাডহক বেসিসে নিয়োগ দেওয়া হয়েছিল ছয় মাসের জন্য। এর মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, সেই জন্য আমরা এটা পুরোটাই বাতিল করে দিয়েছি। এখন আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব, যারা আবেদন করবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

এর আগে ৬৫ চিকিৎসক নিয়োগের বিষয়ে অনিয়মের খবর প্রকাশিত হয় গণমাধ্যমে।