নাটোরের নলডাঙ্গায় জমি জমা নিয়ে বিরোধের জেরে চাচী খালেদা বেগমকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে ভাতিজা মেহেদি হাসান। রবিবার (২০ জুলাই) উপজেলার নশরৎপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরের দিকে জমির সীমানা ও কলাগাছ রোপন করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মেহেদী তার চাচী খালেদা বেগমের বুক ও পেটে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। মায়ের চিৎকার শুনে ছেলে উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও আঘাত করা হয়। এতে মা ও ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথেই খালেদা বেগম মারা যান।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত মেহেদীকে আটক করেছে পুলিশ এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য জন্য আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।