রাজধানীর কদমতলী এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যার অভিযোগে সৎ ছেলেসহ দুইজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এছাড়া দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আল আমিন, মো. মিরাজ মোল্লা। এছাড়া অপর একজন শিশু হওয়ায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন। আসামি আল আমিন ও মিরাজ কারাগারে আছেন।
মামলায় অভিযোগ থেকে জানাযায়, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ২০১০ সালের ৮ মে হাত পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যা করে দন্ডিত আসামিরা ওই ঘটনায় কদমতলীর থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে এ মামলাটি করে। দণ্ডিত আল আমিন ইয়াসমিন আলমের সৎ ছেলে।
২০১০ সালের ৩১ আগস্ট গোয়েন্দা ও অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান দন্ডিত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ২০২২ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ নেয় আদালত।