এখন থেকে দুটি চেম্বার আদালতে চলবে বিচারকাজ 

এতদিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি চেম্বার আদালতে বিচারকাজ চললেও আজ রবিবার থেকে দুটি চেম্বার আদালতে বিচারকাজ শুরু হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এ দুটি চেম্বার আদালত গঠন করেছেন।

আজ চেম্বার জজ-১ হিসেবে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হক এবং চেম্বার জজ-২ হিসেবে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট বিষয়ে আজ সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুটি চেম্বার আদালত বিচারকাজ পরিচালনা করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেওয়ানি ও ফৌজদারি প্রকৃতির মামলা থেকে উদ্ভূত মামলাগুলো রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বেলা সোয়া ১টা থেকে শারীরিকভাবে উপস্থিতি থেকে শুনানি করবেন চেম্বার জজ- ১ আদালত। আর হাইকোর্ট বিভাগের রিট ও আদিম অধিক্ষেত্রাধীন বিষয় থেকে উদ্ভূত মামলাগুলো প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শারীরিক উপস্থিতিতে যথারীতি শুনানি গ্রহণ করবেন চেম্বার জজ-২ আদালত।