হাইকোর্ট নিয়ে ফেসবুকে মন্তব্য

সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি

উচ্চ আদালত নিয়ে ফেসবুকে ‘অবমাননাকর’ ও ‘অবজ্ঞাপূর্ণ’ মন্তব্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ অভিযোগ নিষ্পত্তি করে এ আদেশ দেয়। আবেদনের ওপর গত ৭ জুলাই শুনানি নিয়ে ২০ জুলাই (গতকাল) আদেশের জন্য দিন ধার্য করেছিল হাইকোর্ট।

বিষয়টি নিশ্চিত করে অভিযোগকারী আইনজীবী মো. জসিম উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘আদালত অবমাননার অভিযোগটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছে হাইকোর্ট। তবে, পর্যবেক্ষণে কী বলা হয়েছে তা পূর্ণাঙ্গ আদেশ পেলে জানা যাবে। আমরা হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করব।’

গত ২৮ মে জসিম উদ্দিন হাইকোর্টে এ অভিযোগ করেন। এতে আদালত অবমাননার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে রুলের আরজি জানান তিনি। পাশাপাশি রুল বিচারাধীন থাকাবস্থায় সারজিস আলমকে আদালতে হাজির হতে এবং তার ভেরিফায়েড ফেসবুক থেকে ওই মন্তব্য সরাতে নির্দেশনার আরজি জানান আইনজীবী।

গত ২৩ মে সারজিস আলমকে ডাক রেজিস্ট্রি ও তার হোয়াটসঅ্যাপ নম্বরে আইনি নোটিস দেন অ্যাডভোকেট জসিম উদ্দিন। নোটিসপ্রাপ্তির পর দুই ঘণ্টা সময় দিয়ে বলা হয়, সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হবে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে ইসির (নির্বাচন কমিশন) গেজেটের বৈধতাকে চ্যালেঞ্জ করে করা রিট আবেদন গত ২২ মে

খারিজ করে দেয় হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।