মা-মেয়ে হত্যায় সৎ ছেলেসহ দুজনের মৃত্যুদন্ড

রাজধানীর কদমতলী এলাকায় মোসাম্মৎ ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যার অভিযোগে সৎ ছেলেসহ দুজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এ ছাড়া দ-িত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। গতকাল রবিবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলাম এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আল আমিন ও মো. মিরাজ মোল্লা। এ ছাড়া অন্য একজন শিশু হওয়ায় তার মামলা শিশু আদালতে বিচারাধীন। আসামি আল আমিন ও মিরাজ কারাগারে রয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিকল্পিতভাবে ২০১০ সালের ৮ মে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে ইয়াসমিন আলম ও তার মেয়ে ইরিনা আলম তানহাকে হত্যা করে দন্ডিত আসামিরা ওই ঘটনায় কদমতলী থানায় নিহতের ভাই মনির হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন। দন্ডিত আল আমিন ইয়াসমিন আলমের সৎ ছেলে।

২০১০ সালের ৩১ আগস্ট গোয়েন্দা ও অপরাধ বিভাগের পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান দন্ডিত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। বিচার চলাকালে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।