খুলনা ও বরিশাল সব থানায় অনলাইনে জিডি চালু

খুলনা ও বরিশাল রেঞ্জের সব জেলার সব থানা এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীন সব থানায় আজ সোমবার থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। এতে করে ঘরে বসেই অনলাইনে জিডি করার সুযোগ পাবেন এ দুই অঞ্চলের মানুষ।

গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি-সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে ‘অনলাইন জিডি’ সেবা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

নতুন করে আজ থেকে খুলনা, বরিশাল রেঞ্জসহ খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) আওতাধীন ১২২টি থানায় অনলাইন জিডি-সেবা চালু করা হচ্ছে।

এই সেবা নিতে চাইলে গুগল প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে একাধিকবার জিডি করা যাবে, নতুন করে রেজিস্ট্রেশন প্রয়োজন হবে না। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে সহায়তা পেতে যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে ০১৩২০০০১৪২৮। হটলাইনটি ২৪ ঘণ্টা খোলা থাকবে।