ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১২৮ নেতাকর্মী বহিষ্কার

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলা, নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ১২৮ জন  নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল নিয়ে অংশীজনদের সঙ্গে চূড়ান্ত বৈঠকে এ তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তথ্যানুসন্ধান কমিটির তদন্তের ভিত্তিতে এখন পর্যন্ত ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য অভিযুক্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশাসন জানায়, প্রথম পর্যায়ে ২৫ জুন পর্যন্ত মাত্র ছয়টি অভিযোগ জমা পড়লেও, পরে অভিযোগ জমার সময়সীমা বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। এছাড়া, হল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন কমিটির অভিযুক্ত সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।