সিরাজদীখানে নির্মাণাধীন বাড়ি থেকে গাঁজা ও গাছসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে একটি নির্মাণাধীন বাড়ি থেকে প্রায় ৩ কেজি শুকনা গাঁজা এবং একটি ৯ ফুট লম্বা তাজা গাঁজার গাছসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দিনগত রাতে চিত্রকোট ইউনিয়নের নয়াগাঁও গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ওই এলাকার বাসিন্দা মহিউদ্দিন বেপারী (৪৫) ও তাঁর স্ত্রী রেহেনা বেগম (৪০)।

সিরাজদীখান থানার তদন্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, দম্পতির নির্মাণাধীন বাড়ির একটি ঘরে অভিযান চালিয়ে ২ কেজি ৭৫০ গ্রাম শুকনা গাঁজা এবং সবুজ রঙের একটি ৯ ফুট উচ্চতার তাজা গাঁজার গাছ জব্দ করা হয়। সেখান থেকেই ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে আগে থেকেই তথ্য ছিল, তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসায় জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জব্দ করা গাঁজাগুলোর মালিকানা স্বীকার করেছে।’

ওই দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।