ম্যাচ শুরুতে দেরি, বাফুফেকে জরিমানা করল এএফসি

এশিয়ান কাপ কোয়ালিফায়ারে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ শুরুতে দেরি করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এএফসি'র শৃঙ্খলা ও নৈতিকতা কমিটি ১ হাজার ৫০০ মার্কিন ডলার জরিমানা করেছে, যেটি পরিশোধ করতে হবে সিদ্ধান্ত জানার ৩০ দিনের মধ্যে।

২০২৫ সালের ১০ জুন অনুষ্ঠিত এএফসি ওএশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ফাইনাল রাউন্ডের ম্যাচে এই নিয়মভঙ্গের ঘটনা ঘটে। কমিটির তদন্ত অনুযায়ী, দ্বিতীয়ার্ধের শুরুতে অন্তত দুই মিনিট দেরি হয়, যার জন্য দায়ী ছিলেন বাফুফের প্রতিনিধিরা। এ কারণে এএফসি কম্পিটিশন অপারেশনস ম্যানুয়ালের ২.২ নম্বর ধারা অনুযায়ী এটি একটি লঙ্ঘন।

শুধু জরিমানাই নয়, ভবিষ্যতে একই ধরনের অপরাধ ঘটলে আরও কঠোর শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে কমিটি। এএফসি ডিসিপ্লিনারি ও এথিকস কোডের ১১.৩ ধারা অনুযায়ী, জরিমানার অর্থ নির্ধারিত সময়ের মধ্যেই পরিশোধ করতে হবে, অন্যথায় বাফুফেকে পড়তে হতে পারে আরও বড় সমস্যায়।

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সময়ানুবর্তিতা ও শৃঙ্খলার ওপর যে এএফসি কতটা গুরুত্বারোপ করে, এই শাস্তিই তার প্রমাণ।