বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের তিন আসরের ফাইনালও ইংল্যান্ডেই

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের আয়োজনের ক্ষেত্রে ইংল্যান্ড যেন পরিণত হচ্ছে স্থায়ী মঞ্চে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ঘোষণা করেছে, পরবর্তী তিন আসরের (২০২৭, ২০২৯ ও ২০৩১) ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডেই।

সিঙ্গাপুরে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় আইসিসি এই সিদ্ধান্ত জানায়। তারা জানায়, সাম্প্রতিক সফল আয়োজনের কারণে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) আবারও স্বাগতিক নির্বাচিত করা হয়েছে।

এ নিয়ে টানা ছয়টি ফাইনালই অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। প্রথমটি হয়েছিল ২০২১ সালে সাউদ্যাম্পটনে, যেখানে নিউজিল্যান্ড হারিয়েছিল ভারতকে। ২০২৩ সালে ওভালে অস্ট্রেলিয়া জিতে নেয় ট্রফি, আর সদ্যসমাপ্ত ২০২৫ আসরে লর্ডসে দক্ষিণ আফ্রিকা হারায় অস্ট্রেলিয়াকে।

ইসিবি প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড বলেন, 'এই সিদ্ধান্ত আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের প্রতি যে ভালোবাসা, এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা যে আগ্রহ নিয়ে আসেন, এটাই তার প্রমাণ।'

তিনি আরও যোগ করেন, 'এই ফাইনালগুলো আয়োজন করা একটা গৌরবের বিষয়, এবং আমরা আইসিসির সঙ্গে মিলে আগের আসরগুলোর সফলতার ওপর ভিত্তি করে ভবিষ্যতের আয়োজনকে আরও স্মরণীয় করে তুলতে চাই।'

এর মধ্যে ভারত ২০২৭ সালের ফাইনালের আয়োজন করতে চাইলেও শেষ পর্যন্ত আয়োজক হিসেবে সুযোগ পায়নি।

অন্যদিকে, সম্মেলনে আফগান নারী ক্রিকেটারদের জন্য নেওয়া বিশেষ উদ্যোগেরও অগ্রগতি তুলে ধরা হয়। তালেবান শাসনে নারী ক্রীড়াচর্চা নিষিদ্ধ হওয়ায় অনেক আফগান নারী খেলোয়াড় দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তাদের জন্য উচ্চমানের প্রশিক্ষণ, ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ এবং ২০২৫ নারী বিশ্বকাপ (ভারত) ও ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ (ইংল্যান্ড)–সহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে সম্পৃক্ততার লক্ষ্যে বিশেষ সহায়তা কর্মসূচি চালু করেছে আইসিসি।

এই কর্মসূচিতে সহযোগী হিসেবে রয়েছে ইসিবি, ক্রিকেট অস্ট্রেলিয়া ও বিসিসিআই।

এদিকে, এখন পর্যন্ত কোনো ডব্লিউটিসি ফাইনালে জায়গা না পাওয়া ইংল্যান্ড ২০২৩-২৫ চক্রে শেষ করেছে পঞ্চম স্থানে। তবে ক্রিকেট ঐতিহ্যের দেশটিতে পরবর্তী তিন ফাইনাল বসবে, এটাই হয়তো টেস্ট ফরম্যাটকে আরও জোরালোভাবে এগিয়ে নেওয়ার বার্তা।