জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর প্রতি আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (২১ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ১৬তম দিনের বৈঠকে তিনি এ কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, আগামী ১০ দিনের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দীর্ঘ আলোচনার সুযোগ আর নেই। মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্রদের আত্মদানের প্রেক্ষাপট বিবেচনায় সবাইকে ঐকমত্যে পৌঁছানোর অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, কমিশন যেসব সংস্কার গুরুত্বপূর্ণ মনে করছে সেগুলোই উপস্থাপন করছে, তবে কাউকে জোর করে কিছু চাপিয়ে দিতে চায় না। কোনো বিষয়ে কারও দ্বিমত থাকলে সনদে সেটিও উল্লেখ করা হবে।
তিনি আরও বলেন, অধিকাংশ বিষয়েই সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে চলে এসেছে কমিশন। সহযোগিতা অব্যাহত থাকলে চলতি মাসের মধ্যেই হবে জাতীয় সনদ।
আজকের বৈঠকে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকা এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা হবে।
আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিচ্ছে।