রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় জরুরি পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এবি পার্টি। সোমবার (২১ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি এ আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বিধ্বস্তের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ উদ্ধারকাজে সরকারকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সাথে তারা দলের নেতৃবৃন্দদের রক্তদানসহ চিকিৎসার সার্বিক সহযোগিতার নির্দেশনা প্রদান করেন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এর আগেও বিমান বাহিনীর বেশকিছু প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রশিক্ষক ও প্রশিক্ষণরত কর্মকর্তাদের অনেকে নিহত হয়েছেন। এগুলো দেশের জন্য দুঃখজনক ঘটনা। এ বিষয়ে বিমান বাহিনীর উচিত সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা করা।
নেতৃবৃন্দ বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।