এক ম্যাচ পরই খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করলো বিসিবি

স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের খাবার বা পানি কিনে খেতে বেশি অর্থ খরচ করতে হয়। তাই এ নিয়ে দর্শকদের অভিযোগ ছিল বহুদিন ধরেই। এই সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পাকিস্তান সিরিজের প্রথম ম্যাচে খাবার-পানি নিয়ে স্টেডিয়ামে যাওয়ার অনুমতি পেয়েছিলেন দর্শকরা। তবে এক ম্যাচ পরই সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, 'বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ আগামী ২২ এবং ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। এই দুই ম্যাচ দেখতে আগ্রহী দর্শকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ নিরাপত্তাজনিত কারণে কোন প্রকার খাবার ও পানীয় নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।'