প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আগামীকালের পূর্বনির্ধারিত জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটি বুধবার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একই সময়ে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পূর্বনির্ধারিত এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই সাধারণ মানুষ, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে।
এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।