রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদেরকে এই শোক সহ্য করার ক্ষমতা দান করেন।
তিনি বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যে সমস্ত শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।