নেত্রকোনার কলমাকান্দায় উদ্বাখালী নদীর পানিতে ডুবে আলী আসাদ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার ঘোষপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। ওই শিশু ঘোষপাড়া গ্রামের বিল্লাল হোসেনের একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় আসাদ। অনেকক্ষণ শিশুকে দেখতে না পেয়ে মাসহ স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে একপর্যায়ে নদীর ঘাটে শিশুটিকে পানিতে ভাসতে দেখে চাচাতো ভাই ইউসুফ আলী। এ সময় শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।