জামালপুর 

বিদ্যালয় ভবনের ৬ তলা থেকে লাফ শিক্ষার্থীর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিদ্যালয় ভবনের ৬ তলা থেকে লাফিয়ে পড়লেন সাথিয়া জান্নাত আলো (১৩) নামে এক শিক্ষার্থী। সোমবার (২১ জুলাই) বিকাল ৩টার দিকে বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। 

আহত শিক্ষার্থী বকশীগঞ্জ পৌর শহরের জেলখানা রোডের বাবু মিয়ার মেয়ে। তিনি ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। 

খোঁজ নিয়ে জানা যায়, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাথিয়া জান্নাত আলো বিকাল ৩টার দিকে বিদ্যালয়ের ৬ তলায় উঠেন এবং সেখান থেকে মাটিতে লাফিয়ে পড়েন। এ সময় তার সহপাঠীদের ডাক-চিৎকারে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সঙ্কটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন।
 
ধারনা করা হচ্ছে ওই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে কি কারণে ওই শিক্ষার্থী ৬ তলা থেকে লাফিয়ে পড়েছেন তা নিয়ে মুখ খুলেনি তার সহপাঠীরাও। 

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ৬ তলা ভবনের শ্রেণি কক্ষের বারান্দা থেকে একটি রক্তমাখা ব্লেড ও স্কার্ভ উদ্ধার করেছেন। 

এ বিষয়ে কথা বলতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় একজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। সার্বিক বিষয়ে তদন্ত করা হচ্ছে।