মুফতি ফয়জুল করীম

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দুই নম্বর জমিতে এক নম্বর ফলস হয় না, দুই নম্বর ওস্তাদের কাছে এক নম্বর ছাত্র হয় না; তেমনি দুই নম্বর নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে না। 

সোমবার বিকালে নরসিংদী পৌর ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, হাজারবার নেতা-দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি আসবে না। তারা বার বার ফেল করেছে, আমি অনুরোধ করবো একটাবার ইসলামকে পরীক্ষা করুন, হাতপাখাকে পরীক্ষা করুন। যদি আমরা ফেল করি, তবে পরীক্ষার হলে আর ঢুকবো না।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বলেই ৯১’র নির্বাচনে আপনাদের ক্ষমতায় নিয়েছিল জনগণ। কিন্তু ৯৬ পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকতে পারেননি কেন। আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করে ২০০১-এর নির্বাচনে ক্ষমতায় নিয়েছিল এদেশের জনগণ। কিন্তু পরে আর পাশ করতে পারেননি কেন। 

ফয়জুল করীম বলেন, জিয়াউর রহমান সাহেব ভালো ছিল বলেই আপনাদেরকে জনগণ বিজয়ী করেছিল, কিন্তু পরীক্ষায় পাশ করতে পারেননি। বারবার ফেল করেছেন। আপনাদের আমলে দুর্নীতিতে তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন এবং হ্যাটট্রিক করেছেন। বিএনপির আমলে সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে র‌্যাব প্রতিষ্ঠা করা হয়েছিল এবং এই র‌্যাবের হাতেই সবচেয়ে বেশি ক্রসফায়ারে মারা গেছে বিএনপির লোকজন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এক মন্তব্য উল্লেখ করে ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, ‘ফখরুল সাহেব বক্তব্যে বলেছিলেন— ‘‘বাংলাদেশকে রেইনবো ন্যাশন করবেন (রংধনু জাতি)’’। যেখানে বিভিন্ন জাতের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের মানুষ থাকবে এবং সকলকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চান।’

কীভাবে করবেন প্রশ্ন রেখে ফয়জুল করীম বলেন, বিরোধীদলীয় নেতা কর্মীদের গলায় টিপে ধরে একদিকে রেইনবো ন্যাশন স্লোগান দেবেন। অপরদিকে বিরোধী দলীয় নেতাকর্মীদের সহ্য করতে পারবেন না, মামলা, হামলা করবেন, এটা কীভাবে রেইনবো ন্যাশন হবে। এটা রেইবো ন্যাশন হয় না, জুলুমবাজ হয়। 

ইসলামী আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, যুব আন্দোলন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন প্রমুখ।