আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা নির্বাচনের টানেলে ঢুকে গিয়েছি। এই সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সোমবার (২১ জুলাই) বিকেলে কাজির দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দলের কর্মীদের নিজ নিজ এলাকায় গিয়ে উঠান বৈঠক আয়োজনের আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, ‘প্রত্যেকে এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান এবং উঠান বৈঠক করেন। মানুষ আপনার কাছে আসবে না, আপনাদের যেতে হবে। ওই আগের মতো বক্তব্য দিয়ে হবে না, জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে।’
তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম শেখ হাসিনার পলায়নের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা, পরষ্পরের প্রতি সম্মানবোধ, রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসবে। দেশের মানুষ আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য। গণতান্ত্রিক পরিবেশ তখনই প্রতিষ্ঠিত হবে, যখন একটা রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতি ভিন্নমত পোষণ করেও সম্মান জানাবে, সহনশীলতা দেখাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল শিক্ষা নেয় নাই। তারা শেখ হাসিনার কাছ থেকে ওই বদঅভ্যাসগুলো এখনো বাংলাদেশে চালু রাখতে চায়। শেখ হাসিনাকে এ ধরনের চরিত্রের জন্য বাংলাদেশের মানুষ বিতাড়িত করেছে। সেই রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। সুতরাং আগামী দিনের রাজনীতি পরিষ্কারভাবে পরষ্পরের সম্মানবোধের রাজনীতি হতে হবে, সহনশীলতার রাজনীতি হবে, একে অপরের সাথে ভিন্নমত পোষণ করেও সম্মান প্রদর্শন করতে হবে।’
আমীর খসরু বলেন, ‘যারা ব্যক্তিগত চরিত্র হননে নেমেছেন, রাজনৈতিক ব্যক্তিদের বিরূদ্ধে অশালীন ও উস্কানিমূলক বক্তব্য রাখছেন, বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের মানুষ আজকে ভিন্ন রাজনীতি দেখতে চায়, সুষ্ঠু, সম্মানজনক রাজনীতি দেখতে চায়। আমরা সেই পথে চলছি, সুষ্ঠু রাজনীতির পথে চলছি, সহনশীল রাজনীতির পথে চলছি, পরষ্পর সম্মানবোধের রাজনীতির পথে আমরা চলছি।’
তিনি বলেন, ‘এই যে অসম্মানজনক আচরণের পিছনে উদ্দেশ্য একটা। তারা ভোট চায় না, তারা চায় অশান্তি! তারা বাংলাদেশকে অশান্ত করতে চায়। তবে ওই দিন এখন আর নাই। বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায়, বাংলাদেশের মানুষ সংযম চায়, বাংলাদেশের মানুষ সহনশীলতা চায়, বাংলাদেশের মানুষ উন্নয়ন চায়, বাংলাদেশের মানুষ তার জীবনযাপন উন্নত করার অপেক্ষায় আছে। আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার এনে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার অপেক্ষায় আছে।’
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সমাবেশে অন্যান্যদের মধ্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান, মো. শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, মনজুর আলম চৌধুরী মনজু প্রমুখ বক্তব্য রাখেন।