রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (২১ জুলাই) রাত ৯টার দিকে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে তার এ ভিডিও বার্তাটি পোস্ট করা হয়।
ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, আগুনে পুড়ে মারা গেল, মা-বাবাদের আমরা কী জবাব দেব? কী বলব তাদের? আমরা নিজেদের তো জবাব দিতে পারছি না। অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে। সারা জাতি হতভম্ব, শোকাহত। শোকাহত বললে খুব কম বলা হবে।
তিনি বলেন, আমার বলার কোনো ভাষা নেই। কিভাবে শুরু করব? সেটাও বুঝতে পারছি না। আমার মতো সারা দেশের লোক আজকে হতবাক। এ রকম একটা কাণ্ড ঘটতে পারে। আমরা কেউ কল্পনা করিনি। কারোরই ধারণার মধ্যে ছিল না। কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনার আমরা অবশ্যই তদন্ত করব। তারা তো আর ফিরে আসবে না। আমরা চিকিৎসার ব্যবস্থা করছি। সবাই ঝাঁপিয়ে পড়েছে। সব হাসপাতালে মানুষ ছুটে আসছে। সবার কাছে অনুরোধ করছি, হাসপাতালে ভিড় করবেন না। কারণ যারা আহত তাদের জন্য এটা ভালো নয়। তাদের শরীরে রোগ প্রতিরোধের শক্তি নেই। আমরা ভিড় করলে আমাদের শরীর থেকে কী রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে, এটা বলা মুশকিল।