দেশের সকল মসজিদে আগামীকাল বিশেষ দোয়া 

বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বিদ্যালয়ে পতিত হয়ে কোমলমতি শিশুসহ অনেকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আগামীকাল সারা দেশে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার একথা জানানো হয়।

এতে বলা হয়, প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামীকাল দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

নিহতদের রূহের মাগফিরাত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সকল মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

আগামীকাল বায়তুল মুকাররম জাতীয় মসজিদে বেলা দেড়টায় (বাদ যোহর) এ উপলক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।