বিমান দুর্ঘটনায় নিহতদের গোল উৎসর্গ করলেন সাগরিকা 

নারী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে এক পয়েন্ট পেলেই শিরোপা জিততো বাংলাদেশ। তবে সাগরিকা একাই চার গোল করে দলকে এনে দেন জয়। 

ম্যাচ শেষে কথা বলতে গিয়ে সাগরিকা প্রথমেই জানান, বিমান দুর্ঘটনায় নিহতদের গোল উৎসর্গ করার কথা। সাগরিকা বলেন, 'আমি প্রথমে যে গোলটা করেছি তাদের (বিমান দুর্ঘটনায় নিহত) নামে উৎসর্গ করেছি। প্লেন দুর্ঘটনায় অনেক জন মারা গেছে অনেক জন আহত হয়েছে খুবই দুঃখজনক। খুব কষ্ট লাগছে যে বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই খুব ব্যাথিত।'

ফুটবল নিয়ে দিন দিন দেশের মানুষের উম্মাদনা আরও বাড়ছে। জাতীয় নারী ফুটবল দল এরই মধ্যে নিশ্চিত করেছে এশিয়ান কাপে খেলা। এ নিয়ে সাগরিকা বলেন, 'ভালো লাগছে ফুটবলে সবাই মনোযোগ দিচ্ছে সবাই দেখতেছে। ফুটবলে সবাই ফোকাস করছে। সবাই যদি এভাবে সাপোর্ট দেয় আমরা ফুটবল আরও আগায় নিতে পারবো।'

সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি সাগরিকা। এ নিয়ে তিনি বলেন, 'আমি যদি তিনটি ম্যাচ খেলতে পারতাম তবে সর্বোচ্চ গোলদাতা হতে পারতাম। তবে তিনটা ম্যাচ না খেলেও বেস্ট প্লেয়ার হয়েছে এতে খুশি।'