হবিগঞ্জের মাধবপুরে সরকারি কাজে বাধা সৃষ্টি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।
আটকরা হলেন- পরমানন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে সাদ্দাম হোসেন (২৫), আব্দুল লতিফের ছেলে শিরু মিয়া (৪০) ও ইবরাহিম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (৩৫)।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। আদালতের নির্দেশে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার ওই রাস্তার প্রতিবন্ধকতা সরানোর দায়িত্ব তাকে দেন।
তিনি আরও জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং আক্রমণের চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল এসে সবাইকে নিরাপদে উদ্ধার করে।
মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।