রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় গতকাল সোমবার বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। দুপুর ১টা ১৮ মিনিটে ঘটা এই দুর্ঘটনায় বিকেল ৫টা পর্যন্ত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু হতাহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন তারকা।
শোক জানিয়ে দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সবার প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরা দিয়াবাড়ী মাইলস্টোন কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে দিয়াবাড়ী মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়েছে। ভবনটিতে ছোট ছোট শিশুদের ক্লাস হতো। ক্লাস শেষে ছুটির সময়ে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় অনেক নিরীহ শিশু ও শিক্ষক পুড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন। এই সন্তানরা আমাদেরই সন্তান। আমাদের সবার দায়িত্ব এখন তাদের পাশে দাঁড়ানো।’
এরপর এই চিত্রনায়িকা রক্তদানের জন্য বেশ কয়েকটি হাসপাতালের নাম তুলে ধরেন তার ভক্তদের জন্য। আর সবাইকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সব মা-বাবাকে ধৈর্য দান করুন।’
এরপর বুবলীও তার ভক্তদের রক্তদানের জন্য আহ্বান জানিয়েছেন।
অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‘ঢাকা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত, বহু শিক্ষার্থীর অবস্থা খুবই খারাপ, বহু হতাহতের আশঙ্কা। আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন।’
চিত্রনায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘মনটা মরে গেছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমিন। ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে শুরু করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ, কুয়েত মৈত্রী হাসপাতাল, উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ, মনসুর আলী মেডিকেল কলেজসহ উত্তরার আশপাশের হাসপাতালগুলোতে রক্ত লাগছে, রক্তদানে আগ্রহীরা এই হাসপাতালগুলোতে দ্রুত ছুটে যান, প্লিজ!’
গায়ক আসিফ আকবর লিখেছেন, ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত কারও জন্য রক্তের প্রয়োজন হলে এই নম্বরে মেসেজ বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ০১৬১১৯৮৯৯০৯।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুকে লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়ীতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সবার জন্য প্রার্থনা করছি!’
অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’
নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন লিখেছেন, ‘রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। কোনো মায়ের বুক খালি যেন না হয়। কোমলমতি বাচ্চারা ওখানে পড়াশোনা করে। ওদের নিরাপদ রাখো আল্লাহ।’
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম... আল্লাহ কী দোষ বাচ্চাগুলোর? আহারে ওরা তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ! সবাই যার যার জায়গা থেকে হতাহতের জন্য দোয়া করি।’
অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘ইয়া আল্লাহ, তুমি রহম করো।’
অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষার্থীর জন্য প্রার্থনা করুন।’