কিছু হলেই আঙুল ওঠে বিএনপির দিকে : রিজভী

দেশে কোনো রক্তপাত হলেই বিএনপির দিকে অভিযোগের আঙুল তোলা হয় বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘তারেক রহমান কি দেশের প্রধানমন্ত্রী?’ গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘দেশে কোনো রক্তপাত হলেই বিএনপির দিকে আঙুল তোলা হয়। সরকার বা প্রশাসনের প্রতি কোনো কথা বলা হয় না। তারেক রহমান কি প্রধানমন্ত্রী? আসলে একটি গোষ্ঠীর লক্ষ্য বিএনপি ও তারেক রহমান।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যেভাবে টার্গেট করেছিলেন, সেই একই ষড়যন্ত্র চলছে। আজ দায়ীদের সমালোচনা না করে তারেক রহমানের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। এই চক্রটি শহীদ জিয়ার বিরুদ্ধেও অশোভন মন্তব্য করতে দ্বিধা করছে না।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল মোড়, বিজয়নগর, পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

 এর আগে সকালে আরব আমিরাত শাখা বিএনপির নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্রমশ একটি রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে।’