সারাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার সারাদেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, এই মর্মান্তিক দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদেরসহ বহু মানুষের মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সেই উপলক্ষে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আজ দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এ ছাড়া নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের প্রতিটি মসজিদে আজ বিশেষ দোয়ার আয়োজন করা হবে। অন্য ধর্মের অনুসারীদের উপাসনালয়েও প্রার্থনা হবে বলে জানানো হয়েছে।

গতকাল সোমবার দুপুর একটার কিছু পরে উত্তরা ১১ নম্বর সেক্টরের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর ভেঙে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। সঙ্গে সঙ্গেই বিমানটি এবং স্কুল ভবনের অংশবিশেষে দাউদাউ করে আগুন ধরে যায়। সেই সময় ওই ভবনে বেশ কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক অবস্থান করছিলেন। অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে সেখানেই।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ভবনে আটকে পড়াদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করেও আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া তথ্যমতে, এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন, যাদের অধিকাংশই ছাত্রছাত্রী। এছাড়া রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন শতাধিক মানুষ।