নিহত-আহতদের জন্য সব সহায়তা নিশ্চিত করছে সরকার

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ঘটনায় হতাহতদের জন্য সরকার সব ধরনের সহায়তা দিচ্ছে। নিহতদের নাম ও পরিচয় নিশ্চিত করে তালিকা প্রস্তুতের কাজ চলছে। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে ঢাকার বিভিন্ন হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় হতাহতের সংখ্যা গোপন করা হচ্ছে—এমন দাবি করে কিছু মহল যে অপপ্রচার চালাচ্ছে, তা ভিত্তিহীন বলেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট হাসপাতালসমূহ সমন্বিতভাবে নিহত ও আহতদের একটি পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা তৈরি করছে। কেউ নিখোঁজ থাকলে দ্রুত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে স্কুলে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হচ্ছে। একইসঙ্গে বিদ্যালয়ের রেজিস্ট্রি খাতা ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখে নিখোঁজদের তথ্য যাচাই করা হচ্ছে।