রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। বর্তমানে তারা ওই বিদ্যালয় ভবনের ভেতরে অবস্থান করছেন। তাঁদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বিবিসি বাংলা জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার পর তাঁরা ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। তাদের লক্ষ্য করে স্লোগান ওঠে—‘ভুয়া, ভুয়া’। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই উপদেষ্টা দ্রুত স্কুলের ভবনে আশ্রয় নেন।
দুই উপদেষ্টা যাওয়ার মিনিট পাঁচেক পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন প্রেস সচিবও।
উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ, তারা এইসএসসি পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেইসাথে শিক্ষার্থীরা মনে করছেন, সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে।
জানা গেছে, তারা এখন ঘটনাস্থল থেকে বের হওয়ার চেষ্টা করছেন এবং কিছুক্ষণের মাঝে তারা শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখবেন। সেজন্য ইতোমধ্যে মাইকও আনা হয়েছে।