রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে সহানুভূতি ও সহযোগিতার বার্তার পর মঙ্গলবার ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় যদি ভারতের পক্ষ থেকে জরুরি বা বিশেষায়িত চিকিৎসাসেবার প্রয়োজন হয়, তা জানাতে অনুরোধ জানিয়েছে হাইকমিশন। ভারতীয় দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।
এর আগে সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেওয়া বার্তায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
তিনি লেখেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখিত, যেখানে মৃতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
সোমবার বিকেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে শিক্ষার্থীসহ ৩১ জন নিহত এবং ১৬৫ আহত হয়।