বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে আগামী সোমবার (২৮ জুলাই)। মঙ্গলবার (২২ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২ এদিন ধার্য করে।
এর আগে গত ৩০ জুন এ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ওই দিন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য (ভিসি) মো. হাসিবুর রশীদসহ ২৬ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। এরপর গত ১৩ জুলাই পলাতক ২৪ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একই দিন এ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপ- পরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশকে আবু সাঈদ হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর আদেশ হয়।
এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিষয়টি শুনানিতে আসে। আজ উল্লেখিত চার আসামির সঙ্গে আরও দুই আসামি আনোয়ার পারভেজ আপেল ও রাফিউল হাসান রাসেলকে ট্রাইব্যুনালের কাটগড়ায় হাজির করা হয়। আদালতে প্রসিকিউশনপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর এস এম মঈনুল করিম। প্রসিকিউটর মঈনুল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘আজকে ৬ আসামিকে হাজির করা হয়। আদালত এ মামলায় শুনানির জন্য ২৮ জুলাই ধার্য করেছেন।’
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় গত বছরের ১৬ জুলাই বেরোবির সামনে পার্ক মোড়ে আবু সাঈদকে গুলি করে পুলিশ। পরে তিনি মারা যান। আবু সাইদ জুলাই- আগস্ট গণঅভ্যত্থানের প্রথম শহীদ। তিনি বিশ্ববিদ্যালয়টির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। আবু সাঈদ হত্যার পর সারাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এর ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।