রাজধানীর উত্তরার মাইলস্টোনে স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই ঘটনায় রাষ্ট্র ও সরকার দায় এড়িয়ে যেতে পারে না বলে মনে করে দলটি। আহত ও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ ও যথাযথ চিকিৎসা নিশ্চিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আন্তঃমন্ত্রণালয় বিশেষায়িত টিম করার আহ্বান জানিয়েছে এনসিপি।
মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এ আহ্বান জানায় দলটি।
বিবৃবিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি বলে, আমরা দাবি জানাচ্ছি আহত ও নিহতদের পূর্ণাঙ্গ তালিকা অবিলম্বে প্রকাশ করা হোক এবং একটি রিয়েল-টাইম পাবলিক ড্যাশবোর্ড এর মাধ্যমে আহত, নিহত, নিখোঁজ এবং শনাক্ত না হওয়া ব্যক্তিবর্গের তালিকা হালনাগাদ রাখা হোক, যাতে স্বজনরা নিয়মিত আপডেট পেতে পারেন।
আহতদের চিকিৎসা যেন সর্বোচ্চ অগ্রাধিকার পায় এমন আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে বলা হয়, এজন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, ওষুধ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহ নিশ্চিত করতে হবে। কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাকে দ্রুততম সময়ে বিদেশে পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে, আহত ও নিহতদের পরিবারের জন্য কাউন্সেলিং সেবা চালু করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়া আহতদের ভবিষ্যৎ শিক্ষা, স্বাস্থ্য ও জীবনের ধারাবাহিকতা যেন ব্যাহত না হয় সে লক্ষ্যে পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছে এনসিপি। বিবৃতিতে দলটি বলেন, চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে উচ্চ ক্ষমতাসম্পন্ন আন্তঃমন্ত্রণালয় বিশেষায়িত টিম গঠন করার আহ্বান জানাচ্ছি, যাতে আমলাতান্ত্রিক জটিলতায় চিকিৎসা বা পুনর্বাসন আটকে না যায়। দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের লক্ষ্যে একটি নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত কমিটি গঠনেরও দাবি জানাচ্ছি, যাতে দায়ীদের চিহ্নিত করে যথাযথ বিচার নিশ্চিত করা যায়।
মাইলস্টোনের ছাত্রদের পক্ষ থেকে উত্থাপিত ৬ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ দলটির বিবৃতিতে বলা হয়, এই দাবিগুলো যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত। সরকারকে সঠিক তথ্য প্রকাশ ও প্রচারের আহ্বান জানাই, যাতে জনমনে বিভ্রান্তি তৈরি না হয়। বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে আলোচনার জন্য আহ্বান জানাচ্ছি।