রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে বহু শিশুর প্রাণহানি ও হতাহতের ঘটনায় শোকাহত পুরো দেশ। অন্যদের পাশাপাশি এমন মর্মান্তিক ঘটনায় শোকবার্তা জানিয়েছেন তারকারাও। সেই সঙ্গে দিচ্ছেন নানা সচেতনতামূলক বার্তাও।
এ অবস্থায় গণমানুষের আবেগকে গুরুত্ব দিয়ে চলতি সপ্তাহে তার অভিনীত কোনো নাটক প্রচার না করার জন্য সংশ্লিষ্ট প্রযোজক, নির্মাতা ও চ্যানেল কর্র্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা আরশ খান।
এক ফেসবুক পোস্টে আরশ লিখেন, ‘সাধারণ জনগণের মানসিক অবস্থা এই মুহূর্তে ঠিক নেই। চোখ বন্ধ করলে শিশুদের আর্তনাদ ভাসে। এ জন্য আগামী ৭ দিনের জন্য আমার সব নাটক রিলিজ থেকে বিরত রাখার জন্য অনুরোধ করছি।’
এর আগে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত শতাধিকেরও বেশি। রাষ্ট্রীয়ভাবে গতকাল মঙ্গলবার পালিত হয়েছে শোক দিবস।