সেতু উপদেষ্টা বললেন

গোপালগঞ্জের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি হবে

গোপালগঞ্জে সম্প্রতি সহিংস ঘটনার বিষয়ে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে। গোপালগঞ্জের সহিংস ঘটনার সঙ্গে যারা জড়িত, শুধু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরীহ কাউকে হয়রানি করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছি।’ এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও কথা বলেন। সেতু উপদেষ্টা গতকাল মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংকালে এ কথা বলেন।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষ ও হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তারা জেলা কারাগারে যান। সেখানে ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করেন। এ সময় কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তারা। বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এরপর দুই উপদেষ্টা এনসিপির সভামঞ্চ, সংঘর্ষের স্থান, জুলাই স্মৃতিস্তম্ভসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।