চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে সোমবারের বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে লেখা এক বার্তায় তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঢাকায় বাংলাদেশের সামরিক বিমান বিধ্বস্তে হতাহতের খবর শুনে আমি মর্মাহত।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান দুর্ঘটনায় গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এর আগে গত সোমবার ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।