সরকার বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ওয়ারী বিভাগের প্রাক্তন উপ-পুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী, এটি পলায়নের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ। তাই অনুপস্থিতির দিন থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে এই সময় তিনি খোরপোশ ভাতা পাবেন।
ইকবাল হোসাইন গত বছর ছাত্র আন্দোলনের সময় একটি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসেন। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তিনি বলছেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিগুলো যায় না। এটাই সবচেয়ে বড় আতঙ্কের বিষয়।’