সৈয়দপুরে যাত্রীবাহী বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৯

নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ৩টার দিকে সৈয়দপুর-দিনাজপুর বাইপাস মহাসড়কের উপজেলার ইটভাটা মোড় (বসুনিয়া মোড়সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা সোনারতরী নামের একটি যাত্রীবাহী বাস দিনাজপুর যাচ্ছিল। পথিমধ্যে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হয়। দুর্ঘটনার খবর পেয়ে তারাগঞ্জ হাইওয়ে, দশমাইল হাইওয়ে, সৈয়দপুর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া হেলপারকে ট্রাক কেটে উদ্ধার করে ফায়াস সার্ভিস।

দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের ১৯ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফারেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা হামিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারকৃতদের সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।