ক্ষতিগ্রস্তদের ১০ লাখ করে টাকা দিতে রিট

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবার ও আহত প্রত্যেককে তাৎক্ষণিক ১০ লাখ টাকা করে দেওয়ার নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের জন্য যথাযথ ও উপযুক্ত ক্ষতিপূরণ চাওয়া হয়েছে আবেদনে।

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। কার্যতালিকায় আসলে হাইকোর্টের একটি এখতিয়ারসম্পন্ন দ্বৈত বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান তিনি।

আবেদনের বরাতে অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ দেশ রূপান্তরকে বলেন, ১৯৫২ সালের ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ও হতাহতের ঘটনার তদন্ত চেয়েছি। এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন অ্যাক্ট অনুযায়ী, বিমানবন্দরের আশপাশে ভবন নির্মাণ বিষয়ে কিছু বিধিনিষেধ রয়েছে। বিমানবন্দরের আশপাশে চারতলার বেশি কোনো ভবন নির্মাণ না করার নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে।