রাজধানীর গুলিস্তান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন মো. মেহেদী হাসান ফাহিম (৩০) ও মো. আরিফুর রহমান রাজার (৩০)। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে দুটি অবিস্ফোরিত ককটেল জব্ধ করা হয়। গতকাল বুধবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে গুলিস্তান এলাকায় পল্টন মডেল থানার একটি টিম ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালায়। এ সময় বিস্ফোরণ ঘটানোর আগে হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ মেহেদী এবং আরিফুরকে গ্রেপ্তার করা হয়।