দুদকের মামলায় খালাস এ্যানি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। গতকাল বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন। এর আগে গত ১৬ জুলাই এ মামলার সবশেষ ধাপ যুক্তিতর্কের শুনানি নিয়ে ২৩ জুলাই (গতকাল) রায়ের তারিখ ধার্য করেছিল আদালত। রায় ঘোষণার সময় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে হাজির ছিলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে ২০১৪ সালের ৯ অক্টোবর রাজধানীর রমনা  থানায় এ মামলা করেছিল দুদক। অভিযোগে বলা হয়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। ২০১৬ সালের ২৪ মে এ মামলায় এ্যানির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। পরে একই বছরের ১ সেপ্টেম্বর আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট।